অখন্ড অবসর গল্প---
রানী সেন
নবকমল বাবুর চাকুরী থেকে অবসরের দিন আজ।অফিস অ্যাকাউন্টান্ট ছিলেন তিনি। বিদায় সম্বর্ধনার জন্য অফিস শেষে সবাই জড়ো হয়েছে অফিসের সভা ঘরে। এখন শুধু বড় মেজো সেজো ছোট আধিকারিকদের আসার অপেক্ষা। ওনারা এলেন তারপর সহকর্মীরা একে একে প্রত্যেকেই নবকমল বাবু সম্বন্ধে খুব ভালো ভালো প্রশংসনীয় বাক্যের বন্যা বইয়ে দিতে লাগলো। নবকমল বাবুর মনে মনে খুব হাসি পাচ্ছে যারা এতদিন তার আড়ালে নিন্দা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে তারাই আজ তার প্রশংসায় পঞ্চমুখ। তবে নিজের কাজের দিক থেকে উনি একশো শতাংশ সৎ, এটুকুই নিজের সান্ত্বনা।কি অফিস কি নিজের জীবন কখনওই তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন নি।অফিস অন্ত প্রাণ ছিল তার। চাকুরী জীবনে তিনি কোনো ছুটি নেননি। এমনকি ছুটির দিনেও অফিসে এসে কাজ করেছেন। সময়ের অভাবে বাড়ির কাজের দিকে কখনোই নজর দেননি এজন্য গৃহিণীর অভিযোগের অন্ত নেই। সম্বর্ধনা শেষে ঢাউস ফুলের তোড়া মিষ্টির বাক্স আরো অনেক কিছু উপহার নিয়ে বাড়ি ফিরলেন।
এখন আর অফিসের তাড়া নেই।আগামীকাল নতুন বছর শুরু। ওনার জীবনটাও আগামীকাল থেকে নতুন ভাবে শুরু হবে। প্রয়োজন মতো গৃহিণীর সাথে কাজে হাত লাগাবেন। এখন থেকে তার অখন্ড অবসর।
No comments:
Post a Comment