তেরি চুনারিয়া দিল লে গ্যায়ি…
পলাশ পোড়েল
তেরি চুনারিয়া দিল লে গ্যায়ি… চায়ের দোকানে বাজছে জোরে। পথের পাশে শুয়ে বিশু। পিচুটি চোখ রগড়ে রগড়ে এসে দাঁড়ায়। কিছু বলে না। উদাস হয়ে যায়।
আমরা এই পাড়ার কয়েকজন জানি, বিশু একটি মেয়ের প্রেমে হাবুডুবু খেত। চুড়িদারের দোকানে প্রেম। সরষে ফুলের সঙ্গে সেলফি, কত কি! পুকুরের জলে ঢেউ ঢেউ… সময় চলে যায় ঢিল ছুঁড়ে! বড়লোক বাপের কাছে একদিন হাওয়ায় ভেসে কথা পৌঁছে যায়। গুণ্ডারা মেরে মেরে আধমারা করে রেল লাইনে ফেলে চলে যায়। পা ভেঙেছে। শক্তি হীন। ছুটে আসে ট্রেন। হঠাৎ একটা আওয়াজ। কে যেন তাকে লাইন থেকে ফেলে দিল। মুখে ছিটকে আসে রক্ত। চিৎকার করতে গিয়ে থমকে দাঁড়ায়। এ যে তার মনের মানুষ। বিশুর বিপদের কথা কারো কাছে জেনে ছুটে এসেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। নিজের প্রাণের বিনিময়ে বাঁচিয়ে দিল বিশুকে। কে যেন হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল ওড়না। মুখে এসে লাগে। হয়ে যায় বিশু পাগল।
দোকানদার কিছু বলে না। বিশু হঠাৎ গানের সুরে কেমন নেচে ওঠে। ছেঁড়া ওড়না নিয়ে। ছুঁড়ে দেয়। তেরি চুনারিয়া দিল লে গ্যায়ি… উড়ে যায় ভালোবাসার স্মৃতি।
সমাপ্ত
কুলডাঙা, হাওড়া, পশ্চিমবঙ্গ
No comments:
Post a Comment