Wednesday, 2 November 2022

প্যাকেট বেনসন-- আফতাব উদ্দিন (বাংলাদেশ)


প্যাকেট বেনসন--

আফতাব উদ্দিন (বাংলাদেশ)


নিলয়ের গানের গলা ছিল অসাধারণ। যেমন তার সুরের দক্ষতা তেমনি তালে। কালে ভদ্রে অনেক অনুরোধের পর দু একটা গান যা করতো তাই মনে বাজতো সারাক্ষণ। কিন্তু ভার্সিটির এত এত লোভনীয় অফার আসার পরও কোন স্টেজ প্রোগ্রামে সে গান করতো না।

 ছোটবেলায় যা শিখেছিল। সেটুকু প্রতিভা দেখেই গান বাজনার লোকজন তাজ্জব বনে যেত। নিলয় রেগুলার গান না করলেও গানের তর্কে তাকে হারানোটা ছিল অসম্ভব। 

ছোটবেলায় নিলয় গান শিখেছিল কিছুদিন। তবে সেটা আর নিয়মিত হয়নি। সে পারিবারিক ভাবে রক্ষণশীলও ছিল না, আবার অর্থ কষ্ট আছে সেটাও না। তাহলে গান ছাড়লো কেন ?  নিলয় এই প্রশ্নের রহস্য এড়িয়ে যেত সবসময়...।


 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট ফল্ট করলো অনেকের। নিলয় কোন রকমে পার পেয়ে গেলেও অনেকেই সেটা পারে নি। তাই সন্ধ্যার আড্ডায় গিটার নিয়ে এলো রাহাত। রাহাত ভাল বাজায় কিন্তু নিলয়ের হাতে গিটার যাওয়া মাত্রই মনে হল সরোদের আবেশ ঝরছে চারপাশ। আমাদের অনেকেই সেদিন প্রথম জানলো নিলয় গিটারটাও শিখেছিল ছোটবেলায়। বেশখানিকটা আড্ডার পর রাহাত পকেট থেকে এক প্যাকেট বেনসন সিগারেট বের করল। ছাত্র জীবনে বেনসনটা একপ্রকার বিলাসীতাই ধরা যায়। বেনসন পেয়ে সবাই বেশ খুশি। কিন্তু হঠাৎ নিলয়ের মেজাজ বিগড়ে গেল। সে আর থাকতে চাইছে না। রাহাত চেপেচুপে মিনিট দশেক বসিয়ে রাখলেও নিলয় উঠে চলে যায়। সবাই কমবেশি ওর এই আচরণে আশ্চর্য। শুধু শিহাব ছাড়া। শিহাব ওর এলাকার। নিলয়ের স্কুল ফ্রেন্ড। তার মুখেই শোনা গেল বাকি ঘটনা। 

ছোটবেলায় গায়ক হিসেবে বেশ নাম করে নিলয়। একবার এক কম্পিটিশনে ভাল গান গেয়েও বেচারা বাদ পড়ে । ছোট্ট নিলয় দেখতে পায় বিচারকের আসনে বসা গুণী মানুষটি এক প্যাকেট বেনসনের কাছে বিক্রি করে দিচ্ছে নিলয়ের শ্রম, নিলয়ের মেধা। 

তারপর যা ঘটার তাই। ছোট্ট নিলয় সেদিন থেকেই রাগে ক্ষোভে গান গাওয়া ছাড়ে। আজও বেনসন সিগারেটের প্যাকেট মনে করিয়ে দেয় ছোট্ট বেলার সেই যন্ত্রণা....!

নিলয়ের মত এমন অনেক শিশু শিল্পী ছোট্টতেই হারিয়ে যায়। তারা বড় হয়ে কেউ ডাঃ হয় কেউ ইঞ্জিনিয়ার কিংবা অন্য পেশার। অথচ তারা কেউ শিল্পী পরিচয়ে পরিচিত হয়ে উঠে না।

একটা ভাল গানের জন্য দীর্ঘ অপেক্ষা যে কতটা যন্ত্রণার তা শ্রোতারাই ভাল জানেন। নিলয়ের মত শিল্পীরা যদি এক প্যাকেট বেনসনের কাছে তখন বিক্রি না হত তবে দীর্ঘ এ অপেক্ষার যন্ত্রণা শ্রোতাদের থাকত না.......।

সমাপ্ত

2 comments:

শ্রদ্ধাত্রয়ো যোগ সপ্তদশ অধ্যায়--অনুবাদ তথা গল্প রূপান্তর --বীরেন্দ্রনাথ মন্ডল

শ্রদ্ধাত্রয়ো যোগ  সপ্তদশ অধ্যায় -- অনুবাদ তথা গল্প রূপান্তর -- বীরেন্দ্রনাথ মন্ডল  ------------------------------------------- ...